প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 31, 2026 ইং
যশোরে শিশু ধর্ষণ মামলায় আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

যশোরে শিশু ধর্ষণ মামলায় আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
সুমন ঘোষ
যশোর প্রতিনিধি:
যশোরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি সোহাগের সর্বোচ্চ শাস্তি এবং ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
সোমবার দুপুরে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সামনে রায়মানিক সরদারপাড়া এলাকার বাসিন্দাদের উদ্যোগে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে ভুক্তভোগী শিশুর স্বজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর থেকে আসামি সোহাগ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে সম্প্রতি তিনি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, আসামি কারাগারে থাকলেও তার পরিবারের লোকজন মামলা প্রত্যাহারের জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করছেন। এমনকি তাদের হত্যা ও ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, এমন গুরুতর অভিযোগের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব বা চাপ যেন বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, তা নিশ্চিত করা জরুরি। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মামলার সুষ্ঠু বিচার এবং অভিযোগ প্রমাণিত হলে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
একই সঙ্গে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
মানববন্ধনকারীরা বলেন, শিশুর প্রতি সহিংসতার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হলে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আরও জোরদার হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন